ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সীগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য চিহ্নিত আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নে অভিযানটি পরিচালিত হয়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ‘বিকাশ গ্যাং’-এর সদস্য হিসেবে পরিচিত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাড়িতে তল্লাশি চালান।
তল্লাশিকালে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা এবং প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, নাশকতা ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।