ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন এস এম মাহবুব মল্লিক। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। সততা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে নিজেকে জনগণের জন্য উৎসর্গ করতে চাই।”
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী এস এম মাহবুব মল্লিক নব্বই দশকের সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি বাদাঘাট বড়দল উত্তর ছাত্রদল আঞ্চলিক কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা বিএনপি-এর সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা যুবদল-এর সহ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তিনি বলেন, “উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ গ্রহণই হবে আমার অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগ নির্বাচনী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।