• ঢাকা
  • বুধবার , ৪ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৮
  • ২০ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় রাখাব উদ্দিন, তফসিলের অপেক্ষায় জল্পনা-কল্পনা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় রাখাব উদ্দিন, তফসিলের অপেক্ষায় জল্পনা-কল্পনা ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর প্রতিনিধি:

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়নি, তবে রমজানের পরপরই তফসিল ঘোষণা হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা, শুভেচ্ছা পোস্টার, দোয়া ও সমর্থন কামনার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন নির্বাচনী আলাপ-আলোচনা।

এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন ৫নং বাদাঘাট ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীনের সুযোগ্য পুত্র, তাহিরপুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাখাব উদ্দিন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকে রাজপথ কাঁপানো ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন রাখাব উদ্দিন। ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি সুনামগঞ্জ কলেজের সাবেক সভাপতি এবং তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে একাধিকবার কারাবরণও করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সমর্থকদের দাবি, তাহিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে রাখাব উদ্দিনের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার প্রয়োজন। তারা বলেন, জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তাকে সুযোগ দেওয়া উচিত।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পরই প্রকৃত নির্বাচনী চিত্র স্পষ্ট হবে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও জনসংযোগ কার্যক্রম ইতোমধ্যে ভোটারদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে।

এখন দেখার বিষয়, তফসিল ঘোষণার পর কারা আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন এবং ভোটের মাঠে কী ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। তাহিরপুরবাসী তাকিয়ে আছে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায়।


তাহিরপুর

উপজেলা নির্বাচন

উপজেলা চেয়ারম্যান পদে

আরও পড়ুন