ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সিগঞ্জ প্রতিনিধি মো: রিয়াদ হোসেনঃ
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ঘুষ, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ নিয়ে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকায় 'সিভিল সার্জন কার্যালয়ে মিজানের রাজত্ব' সংবাদ প্রকাশের পর স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘুষকান্ডে অভিযুক্ত মিজানুর রহমানকে তিন দিনের মধ্যে ভাইরাল ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার জানান, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ভিডিওর বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব বিস্তার করছেন মিজানুর রহমান। অভিযোগ রয়েছে, বলল জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন প্রক্রিয়ায় মোটা অংকের টাকা লেনদেনের বিষয়েও তার সম্পৃক্ততা রয়েছে। ৩৫ বছরে টানা কয়েকবার তাকে বদলি করা হলেও হাইকোর্টে রিট করে বহাল তবিয়তে মুন্সীগঞ্জেই থাকেন এই কর্মকর্তা।