ই-পেপার/প্রিন্ট ভিউ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেনের সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, হামলার শিকার ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে মেঘনা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি হলেন মো. সামছুল ইসলাম সবুজ (৩২), পিতা- ইদ্রিস মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিজয় টিভি ও প্রতিদিনের বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে (২ এপ্রিল) বৃহস্পতিবার মেঘনা সাব-রেজিস্ট্রি অফিসে ৪০ লক্ষ টাকার একটি ঘুষ লেনদেনের খবর জানতে পারেন। উক্ত বিষয়ের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের জন্য তিনি এবং তার সহকর্মী সাংবাদিকরা সাব-রেজিস্ট্রারের সাক্ষাৎকার নিতে যান। অফিস প্রাঙ্গণে প্রবেশের সময় অভিযুক্ত সামছুল ইসলাম সবুজ তাঁদের পথরোধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরবর্তীতে সাব-রেজিস্ট্রারের সাথে কথা বলে অফিস থেকে বের হওয়ার সময় অভিযুক্ত সুবজ ও তার সাথে থাকা আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিকদের ঘিরে ধরে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা সাংবাদিকদের চড়-থাপ্পড় মারার পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে আক্রমণের চেষ্টা করে। এ সময় তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, ঘুষ লেনদেন সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের খুন করে ফেলা হবে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এভাবে হামলার শিকার হচ্ছি। আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
মেঘনা থানা অফিস ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।