ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম (শফিক) দেশের সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক অনন্য উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের নবায়নের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের পেছনে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, রক্ত ও অসীম সাহসিকতা। তাঁদের এই অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অমূল্য। তাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
মো. শফিকুল ইসলাম (শফিক) বলেন, স্বাধীনতা কেবল অর্জনের বিষয় নয়, এটি একটি চলমান দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তারা সেই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চান বলেও তিনি জানান।
তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ ১৪৩৩ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, নতুন সম্ভাবনা ও নতুন প্রত্যয়ের বছর হয়ে উঠবে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যেন সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন—এমন কামনাও তিনি ব্যক্ত করেন।
শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ধারণ করে নতুন প্রজন্ম একটি শক্তিশালী, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে—এটাই তার প্রত্যাশা।
বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।